
পাইথন:
পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। এর কোর সিনট্যাক্স এবং সিমান্টিক্স খুবই সংক্ষিপ্ত তবে লাইব্রেরী অনেক সমৃদ্ধ।
পাইথনের সূচনা:
ডাচ কম্পিউটার প্রোগ্রামার গুইডো ভ্যান রোসাম আশির দশকের শেষের দিকে পাইথনের জন্ম দেন। ১৯৯১ সালে এটি পরিপূর্ণভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে তিনি গুগলের জন্য পাইথন ভিত্তিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করছেন।
পাইথনের যাবতীয় উন্নয়ন এবং হালনাগাদকরণের দায়িত্বে রয়েছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।
ব্রিটিশ টিভি সিরিজ মন্টি পাইথন’স ফ্লাইং সারকাস এর নামানুসারে এর নামকরণ করা হয়।
পাইথনের ব্যবহার:
স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের বহুবিধ ব্যবহার রয়েছে। বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্টে পাইথন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সফলভাবে এমবেড করা হয়েছে। এরকম কিছু উল্লেখযোগ্য সফটওয়্যারের মধ্যে রয়েছে: ব্লেন্ডার, গিম্প, মায়া, ইঙ্কস্কেপ, স্ক্রিবাস, গুইবার ইত্যাদি।
বিভিন্ন গেমসের ডেভেলপমেন্টের কাজে পাইথন ব্যবহৃত হয়। গুগলের সার্চ ইঞ্জিনে জাভার পাশাপাশি পাইথন ব্যবহার করা হয়।
নাসার রিসার্চ মেজানিজম অ্যাপ্লিকেশন, ইউটিউব, ইয়াহু গ্রুপস, কৃত্রিম বুদ্ধিমত্ত্বার বিভিন্ন কাজে পাইথনের ব্যবহার হয়ে থাকে।
বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য পাইথন একটি আদর্শ কম্পোনেন্ট। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমে এটি পূর্বনির্ধারিতভাবে সংযোজিত থাকে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের ইনস্টলার যেমন: উবুন্টুর জন্য উবিকুইটি এবং ফেডোরা অথবা রেড হ্যাট এর জন্য অ্যানাকোন্ডা পুরোপুরি পাইথন দ্বারা রচিত। জেন্টু নামক অপারেটিং সিস্টেম তার প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য পাইথন ব্যবহার করে।
আপনারা যারা ওয়ান ল্যাপটপ পার চিলড্রেন (ওএলপিসি) এর নাম শুনেছেন তারা হয়ত বিভিন্ন সুগার অ্যাপসের কথাও শুনেছেন। সুগার ল্যাবসে সুগার অ্যাপ্লিকেশনসমূহ পাইথন দ্বারা ডেভেলপ করা হয়।
কেন পাইথন:
* পাইথন একটি ওপেন সোর্স টুল যা ইন্টারনেটে বিনামূল্যে পাওয়া যায়।
* এর সোর্সকোড উন্মুক্ত হওয়ার কারনে যে কেউ এটিকে পরিবর্তন এবং পরিবর্ধন করতে সক্ষম।
* সহজে ব্যাবহারযোগ্য এবং সহজবোধ্য।
* সিনট্যাক্স এবং সিমানটিক্স সংক্ষিপ্ত হওয়ার কারনে এটি রপ্ত করা অন্যান্য যে কোন প্রোগ্রামিং ভাষার চেয়ে তুলনামূলকভাবে সহজ।
* এটি ক্রসপ্লাটফর্ম টুল অর্থাৎ এটি যে কোন অপারেটিং সিস্টেমে চালানো সম্ভব।
* পাইথন প্রোগ্রামিং ভাষা নতুনদের প্রোগ্রামিং ভীতি দূর করতে সক্ষম।
একটি তুলনামূলক উদাহরণ:
একটি সি (C) প্রোগ্রামিং ভাষার উদাহরণ:
#include stdio.h
int main()
{
int a,b,c;
a=5;
b=14;
c=a+b;
printf(“Answer is:”%d”,c);
}
এখানে দুটি সংখ্যার যোগফল নির্নয়ের একটি ছোট্ট প্রোগ্রাম করা হয়েছে। প্রথমেই আমাদের লেগেছে একটি হেডার ফাইল তারপর একটি মেইন ফাংশন এবং এটি ইন্টিজার টাইপ তাও বলা হয়েছে। এর পর লাগছে তিনটি ভ্যারিয়েবল যার ভেতর সংখ্যাগুলো রাখা হবে এবং এখানেও ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে। এরপর ভ্যারিয়েবলে মান এসাইন করা হল এবং ইকোয়েশন টি লিখা হল। তারপর রেজাল্ট দেখার জন্য printf এ গারবেজ ভ্যালু এভোয়েড করার জন্য %d (ইন্টিজার টাইপের জন্য) দেয়া হল। প্রোগ্রাম শেষ হল।
এবারে আসুন দেখি একই প্রোগ্রাম যদি পাইথনে লিখা হয় তাহলে কেমন হবে:
a=5 b=14 c=a+b print(c)
অবাক লাগছে ? হ্যা এটা এতটাই সহজ। আপনি নিশ্চই প্রোগ্রামের কোড দেখেই বুঝতে পারছেন যে কি করা হয়েছে এখানে। এটাই পাইথন প্রোগ্রামিং ভাষার একটি অসাধারণ বৈশিষ্ট্য।
আপনি যদি পাইথন ব্যবহার করতে চান:
খুব সহজে পাইথন শেখার জন্য একটি বই আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে
আপনি যদি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে নতুন করে পাইথনের জন্য ইনস্টল করার তেমন কিছু নেই। আপনার টার্মিনাল চালু করে লিখুন python তাহলে পাইথন শেল চালু হয়ে যাবে এবং আপনি টার্মিনালেই প্রোগ্রাম করতে পারবেন। পুনরায় টার্মিনালের আগের অবস্থায় ফিরে যেতে লিখুন quit() ।
আপনি যদি টার্মিনালে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে আপনার জন্য রয়েছে পাইথনের জন্য সর্বাধিক ফীচার সমৃদ্ধ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ‘এরিক এডিটর’। আপনার সফটওয়্যার কেন্দ্র থেকে এটি ইনস্টল করে নিন।
তবে আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হন তাহলে আপনাকে তিনটি জিনিস ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
প্রথমে: এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সংস্করণ ডাউনলোড করুন। এবং ইনস্টল করুন। তাহলে আপনার স্টার্ট মেনুর প্রোগ্রামে পাইথন আই ডি এল ই নামক একটি আইকন পাবেন। এটি হল পাইথন শেল। এখানে সহজেই আপনি প্রোগ্রাম করতে পারবেন।
তবে আপনি যদি চিত্রভিত্তিক ইন্টারফেস ব্যবহার করতে চান তাহলে আপনার এরিক এডিটর প্রয়োজন হবে।
দ্বিতীয়ত: এখান থেকে pyqt ডাউনলোড করে নিন। এটি এরিক এডিটর ব্যবহার করার জন্য প্রয়োজন হবে। ডাউনলোড করার সময় আপনার সিস্টেম এবং পাইথনের সংস্করণ লক্ষ রাখবেন।
তৃতীয়ত: এখান থেকে এরিক এডিটর ডাউনলোড করে নিন। এটা ইনস্টল করলেই আপনি চিত্রভিত্তিক পরিবেশে প্রোগ্রাম করতে পারবেন।